পুবের কলম ওয়েব ডেস্ক: শহর কলকাতা তথা রাজ্যের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী চায়ের দোকানগুলির ভোলবদল ও সৌন্দর্যায়নের অভিনব সিদ্ধান্ত নিল টি বোর্ড। সোমবার চা নিলাম সংক্রান্ত এক আলোচনাচক্রে এই পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। এই উদ্যোগের আওতায় কলকাতার চিত্তবাবুর দোকান ছাড়াও বলবন্ত সিং ধাবা, কোনা দোকান, ন্যাশনাল ইকনমিক রেস্টুরেন্ট এবং শ্রীরামপুরের নরেশবাবুর টি স্টলের মতো জনপ্রিয় ও ঐতিহাসিক দোকানগুলিকে নতুন করে সাজিয়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে।
টি বোর্ডের চেয়ারম্যান সি মুরুগান জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই দোকানগুলির স্বকীয়তা বজায় রেখে আধুনিক সৌন্দর্যায়ন করাই মূল লক্ষ্য। কোনও দোকানের মালিক চাইলে টি বোর্ডের পক্ষ থেকে সম্পূর্ণ রূপান্তরের ব্যবস্থা করা হবে।

প্রাথমিকভাবে কলকাতার সাতটি ঐতিহ্যবাহী দোকানকে চিহ্নিত করা হয়েছে এবং ভবিষ্যতে এই তালিকায় আরও এমন দোকান যুক্ত করার বিষয়ে খোঁজ চলছে। খাদ্যরসিক ও চা-প্রেমী সাধারণ মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এই স্থানগুলিকে সম্মান জানাতেই এই পদক্ষেপ বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
সৌন্দর্যায়নের পাশাপাশি চা নিলাম ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপের কথা জানিয়েছে টি বোর্ড। ভবিষ্যতে অনলাইন নিলাম ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়ার পাশাপাশি চা ব্যবসার লাইসেন্স ও অনলাইন শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুততর করা হচ্ছে। এছাড়া ছোট চা চাষিরা যাতে তাঁদের উৎপাদিত পাতার সঠিক মূল্য পান এবং কোনওভাবে প্রতারিত না হন, তা নিশ্চিত করতে কারখানাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ চালানোর আশ্বাস দিয়েছে টি বোর্ড।