পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির যন্তর মন্তরে সিজেপির প্রতিবাদ কর্মসূচি চলাকালীন তফসিলি জাতি সম্প্রদায়ের এক ব্যক্তির ওপর হামলার মামলায় অভিযুক্ত স্বতন্ত্র ভরদ্বাজকে নিয়মিত জামিন দিল নয়া দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। অন্তর্বর্তীকালীন জামিনের শর্ত লঙ্ঘনের কোনো প্রমাণ না পাওয়ায় মঙ্গলবার বিশেষ বিচারক (এসসি/এসটি আইন) এসপিএস লালড় তাঁর নিয়মিত জামিনের আবেদন মঞ্জুর করেন।

গত ২৩ জুন যন্তর মন্তরে সঞ্জয় আজাদ নামে তফসিলি জাতিভুক্ত এক ব্যক্তিকে মারধরের অভিযোগে পুলিশ স্বতন্ত্র ভরদ্বাজকে গ্রেপ্তার করেছিল। এর আগে গত ১৫ সেপ্টেম্বর পাটিয়ালা হাউস কোর্ট ভরদ্বাজকে তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। আদালত স্পষ্ট জানিয়েছিল, জামিনের মেয়াদকালে তাঁর আচরণ পর্যবেক্ষণ করার পরেই নিয়মিত জামিনের বিষয়টি বিবেচনা করা হবে।

দিল্লি পুলিশের তরফে আদালতে সিসিটিভি ফুটেজসহ স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়।

আদালতের পর্যবেক্ষণে দেখা যায় , অন্তর্বর্তীকালীন জামিনের সময়ে আরোপ করা কঠোর শর্তাবলী— যেমন সোশাল মিডিয়ায় মামলা সংক্রান্ত পোস্ট করা বা সাক্ষাৎকার দেওয়ার ওপর নিষেধাজ্ঞা— অভিযুক্ত পুরোপুরি মেনে চলেছেন।

আগের শুনানিতে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করার সময় বিশেষ বিচারক এসপিএস লালড় হরিয়ানা রাজ্যের একটি সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করেছিলেন— যেখানে জামিনে মুক্ত এক খুনের আসামির বিজয় মিছিল করার ঘটনা কঠোরভাবে সমালোচনা করা হয়েছিল। আদালত সে সময় কড়া ভাষায় জানিয়েছিল, "রাস্তায় কিংবা সোশাল মিডিয়ায় এই ধরনের শক্তি প্রদর্শন সমাজ বা আইনশৃঙ্খলা রক্ষায় শুভ ইঙ্গিত বহন করে না এবং বিচার ব্যবস্থার ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস তুলে দেয়। জামিন হলো আদালতের বিশ্বাসের বহিঃপ্রকাশ, এটি কোনো প্রদর্শনী করার ট্রফি নয়।"