পুবের কলম ওয়েব ডেস্ক: ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ৪০ দিন পর আনুষ্ঠানিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল সরকার। এই প্রাকৃতিক বিপর্যয়ে দেশটিতে এখনও পর্যন্ত ১,৪৫৫ জনের মৃত্যু হয়েছে এবং ৫,২৮৫ জন এখনও নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ১৮৯ জন ভারতীয় নাগরিকও আছেন। রাজধানী কাঠমান্ডুতে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের পৌরোহিত্যে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে উদ্ধারকাজ সমাপ্তির এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার কোনও সম্ভাবনা আর না থাকায় সরকার তল্লাশির পরিবর্তে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের কাজে পূর্ণ মনোযোগ দেবে।
গত ২৬ আগস্ট মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকায় হড়পা বানের জেরে ত্রিশূলী ও ভোটকোসি নদীর উপচে পড়া জলে ব্যাপক ধ্বংসলীলা চলে। বহু বাড়িঘর, সেতু ও রাস্তাঘাট ভেঙে তছনছ হয়ে যায়। ওই একই বিপর্যয়ে তিব্বত অঞ্চলেও শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। পরবর্তীতে জেলা বিপর্যয় মোকাবিলা কমিটি এবং ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ)-র প্রতিনিধি দল উপদ্রুত এলাকা পরিদর্শন করে উদ্ধারকাজ বন্ধ করার সুপারিশ জানায়। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে কাউকে জীবিত উদ্ধারের আর বাস্তব সম্ভাবনা নেই বলেই সংশ্লিষ্ট দলগুলি মত প্রকাশ করে।
নেপাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত নিখোঁজ থাকা ৫,২৮৫ জনের তালিকায় ৩৬টি দেশের ৬০৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। এছাড়া ১৮৯ জন ভারতীয়ের কোনও সন্ধান মেলেনি। দীর্ঘ ৪০ দিন ধরে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সমন্বয়ে চালানো উদ্ধারকাজের ইতি টেনে এবার সম্পূর্ণভাবে দুর্গতদের পুনর্বাসন ও পরিকাঠামো মেরামতির কাজেই জোর দিচ্ছে বলেন্দ্র প্রশাসন।