পুবের কলম ওয়েব ডেস্ক: অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১৭.৬৮ শতাংশ ভোট পড়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। মোট ১৯ লক্ষ ৫ হাজার ভোটারের এই কেন্দ্রে প্রথম দু'ঘণ্টায় সবচেয়ে বেশি ২০.২৯ শতাংশ ভোট পড়েছে লহরীঘাট বিধানসভা কেন্দ্রে এবং সবচেয়ে কম ১৩.৯৩ শতাংশ ভোট পড়েছে নগাঁও-বটদ্রবা এলাকায়।
কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ পদত্যাগ করে বিজেপির টিকিটে দিসপুর থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার কারণেই নগাঁও লোকসভা আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রশাসন সূত্রে খবর, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোট ২,৩১২টি ভোটগ্রহণ কেন্দ্রের (৫টি সহায়ক বুথ-সহ) মধ্যে ৬২৪টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এই কেন্দ্রে ৯ লক্ষ ৪৩ হাজার মহিলা এবং ৫০ জন তৃতীয় লিঙ্গের ভোটার-সহ মোট ১৯ লক্ষ ৫ হাজার নাগরিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে নিজেদের প্রভাব বিস্তার করতে মরিয়া শাসকদল বিজেপি। অন্যদিকে, কংগ্রেস নিজেদের সমর্থন ধরে রাখতে এবং গত এপ্রিলের বিধানসভা নির্বাচনে ১৬ জন বিধায়ক থেকে ২ জনে নেমে আসা এআইইউডিএফ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জোর লড়াই চালাচ্ছে। আগামী ৯ অক্টোবর এই উপনির্বাচনের ভোটগণনা ও ফলাফল ঘোষণা করা হবে।