পুবের কলম, ওয়েবডেস্ক: নেটদুনিয়ায় ভাইরালে ঝড় তোলা জনপ্রিয় মিমকে হাতিয়ার করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যপক অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন অভিমুখে বিরোধীদের প্রতিবাদ মিছিলে একটি প্ল্যাকার্ড হাতে দেখা যায় রাহুলকে, যেখানে লেখা ছিল— " জ্ঞানেশ, ইটস ডান, ব্রো। পদত্যাগের সময় হয়েছে।“
আরও পড়ুন:
দিল্লি পুলিশের হলুদ ব্যারিকেড দিয়ে মিছিলের পথ অবরুদ্ধ করা হলে স্বভাবসিদ্ধ সাদা টি-শার্ট ও বেইজ রঙের প্যান্ট পরিহিত রাহুল গান্ধী সরাসরি পুলিশি ব্যারিকেডের ওপর উঠে পড়েন।
সেখান থেকেই দু'পাশে হাত রেখে চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উঁচুতে দাঁড়িয়ে জাতীয় পতাকা নাড়াতে থাকেন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতাদের এই পদযাত্রা আটকাতে রাজধানীতে বিপুল সংখ্যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।আরও পড়ুন:
প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, "স্বাধীনতার পর দেশবাসী যে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার অর্জন করেছিল, বর্তমান সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে তা ধ্বংস করতে চাইছে।
জনগণের সমস্ত মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং আমরা এই অন্যায়ের বিরুদ্ধেই লড়াই করছি।"আরও পড়ুন:
একই সুর ছড়িয়ে কংগ্রেস সাংসদ ধর্মবীর গান্ধী বলেন, "কমিশন ও বর্তমান সরকারের যোগসাজশে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় রাজনীতির ইতিহাসে এটি সবচেয়ে বড় জালিয়াতি। জ্ঞানেশ কুমারের প্রত্যক্ষ সহায়তায় দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির মর্যাদা পুনরুদ্ধারে এই আন্দোলন চালিয়ে যাব।"