পুবের কলম ওয়েব ডেস্ক: মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসনিক সূত্রের খবর, ব্যস্ত কর্মসূচির কারণে তাঁরা এই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বলে দিল্লি থেকে নবান্নে বার্তা এসে পৌঁছেছে। এই দুই শীর্ষ নেতার উপস্থিতির কথা মাথায় রেখেই যে বিরাট আকারের অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল, এখন তার কলেবর অনেকটাই ছোট করে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

গত মে মাসে রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, এবারের পুজোয় কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে রেখেই এই বড় সরকারি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল।

নবান্ন সূত্রের দাবি, প্রাথমিক পর্যায়ে মোদী এবং শাহ দুজনেই এই অনুষ্ঠানে আসার সম্মতি দিয়েছিলেন। তবে এখন তাঁরা না আসতে পারলেও ইডেনের ওই বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ইতিমধ্যেই মন্ত্রীদের ওই দিন উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্যদিকে, মহালয়ায় ইডেনে না এলেও দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় আসতে পারেন অমিত শাহ।

নবান্ন সূত্রের খবর, রাজ্যের একাধিক পুজোর উদ্বোধনে তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কেন্দ্রের আরও কয়েকজন মন্ত্রীও কলকাতায় পুজো পরিক্রমায় অংশ নিতে পারেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুজোয় কেন্দ্রীয় মন্ত্রীদের এই অবাধ উপস্থিতি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আগে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের মতো কিছু নির্দিষ্ট পুজোতেই বিজেপির শীর্ষ নেতাদের আনাগোনা সীমাবদ্ধ থাকত, কিন্তু এবার গোটা রাজ্যের পুজোতেই কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ দেখা যেতে পারে বলে মনে করছেন রাজ্য বিজেপির কর্মী-সমর্থকেরা।