পুবের কলম, ওয়েবডেস্ক: আইপিএল-এর মঞ্চে নতুন অধ্যায়ের সূচনা। দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিটির তরফ থেকে বিবৃতি জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হেমাঙ্গ বাদানির স্থলাভিষিক্ত হয়ে ২০২৭ আইপিএল মরশুমে দলের কোচের ভূমিকায় দেখা যাবে ‘দাদা’-কে।
প্রসঙ্গত, গত দু’বছর দিল্লির কোচের দায়িত্বে ছিলেন হেমাঙ্গ বাদানি।আরও পড়ুন:
জেএসডব্লিউ এবং জিএমআর-এর যৌথ মালিকানাধীন দিল্লি ক্যাপিটালস প্রথাসিদ্ধভাবে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও প্রখ্যাত প্রশাসক সৌরভের নাম হেড কোচ হিসেবে ঘোষণা করেছে। কোচ হিসেবে নতুন এই ইনিংস শুরু করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে আমি দারুণ আগ্রহী।
দিল্লি ক্যাপিটালস এমন একটি ফ্র্যাঞ্চাইজি যা আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং বিগত বছরগুলোতে এদের সঙ্গে আমার সম্পর্ক ছিল খুবই মধুর। আমি মালিকপক্ষ, পরিচালনা পর্ষদ, সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি, যা এই দায়িত্বটাকে আমার কাছে আরও রোমাঞ্চকর করে তুলেছে।"আরও পড়ুন:
সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রধান কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্তারাও। দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান তথা জেএসডব্লিউ স্পোর্টসের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দাল বলেন, "দাদা সবসময়ই দিল্লি ক্যাপিটালস পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। ভারতের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক আমাদের প্রধান কোচের দায়িত্ব নিয়ে কোচিং জগতে পা রাখছেন— এটি ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি।"