পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটচুরির অভিযোগকে হাতিয়ার করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এবার সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিল বিরোধী ‘ইন্ডি’ জোট। মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশন অভিযানের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে যৌথভাবে চিঠি পাঠিয়েছেন বিরোধী শীর্ষ নেতারা। আগামী ৭ থেকে ৯ অক্টোবরের মধ্যে বিরোধী দলগুলির লোকসভা ও রাজ্যসভার নেতাদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের আর্জি জানানো হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বিরোধী জোটের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এদিন দুপুরে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে নির্বাচন কমিশন অভিযানের ডাক দেয় ইন্ডি জোট। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচিতে মিছিলে পা মেলান সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এনসিপির সুপ্রিয়া সুলে-সহ শীর্ষ সাংসদরা।
এই উত্তেজনার আবহেই লোকসভার বিরোধী দলনেতা, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কালীঘাট তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য শরিক দলের সংসদীয় নেতৃত্বের তরফে রাষ্ট্রপতির সময় চেয়ে বার্তা পাঠানো হয়। একইসঙ্গে বিরোধীরা স্পষ্ট করে দিয়েছে যে, এই লড়াইকে তাঁরা দেশের তৃণমূল স্তরে নিয়ে যেতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে দেশের পাঁচটি বড় শহরে ভোটচুরির ইস্যুতে পাঁচটি বড় জনসভার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী নভেম্বর মাসের শুরুর দিকে দিল্লিতে একটি মেগা সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে একমঞ্চে উপস্থিত হয়ে যৌথভাবে সুর চড়াবেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়।