পুবের কলম ওয়েব ডেস্ক: সল্টলেকের ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৮ অক্টোবর দুপুর সাড়ে তিনটের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে আদালতের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ফেরার থাকা সত্ত্বেও তিনি কীভাবে সরকারি বেতন পাচ্ছেন, তা নিয়ে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে আদালত।
সল্টলেকের এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়ায় বিডিও প্রশান্ত বর্মনের।
সুপ্রিম কোর্ট এর আগে এই মামলায় একাধিক কড়া নির্দেশ দেওয়া সত্ত্বেও কীভাবে শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে এক সরকারি আধিকারিক দিনের পর দিন ফেরার থাকতে পারেন, তা নিয়ে শুনানিতে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী এক নির্দেশ অনুযায়ী এই ধরনের পলাতক অভিযুক্তের বিরুদ্ধে সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কড়া পদক্ষেপ গ্রহণ করা যায়। সেই দৃষ্টান্ত স্মরণ করিয়ে দিয়ে আদালত অবিলম্বে ওই বিডিওর যাবতীয় সম্পত্তির তালিকা তৈরি করে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। পাশাপাশি, এই খুনের মামলায় তদন্তের অগ্রগতি ঠিক কতটা হয়েছে, সে বিষয়ে সিআইডি-কে আদালতে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে হাই কোর্ট।