প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লির ইন্দিরা গাঁধী ইন্ডোর স্টেডিয়ামে ‘বিকশিত ভারত সঙ্কল্প সভা’য় নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আগামী দিনের একাধিক লক্ষ্যের কথাও জানান তিনি। তাঁর বক্তব্যে বার বার উঠে আসে নতুন স্লোগান—“উই উইল ডু ইট”, অর্থাৎ “আমরা করে দেখাব”।
আরও পড়ুন:
২০৪৭ সালের মধ্যে ভারতকে ‘বিকশিত ভারত’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথা জানিয়ে মোদী বলেন, ভারতকে বিশ্বের প্রথম তিন অর্থনীতির মধ্যে নিয়ে যাওয়া, আত্মনির্ভর দেশ হিসেবে গড়ে তোলা, বিশ্বমানের উৎপাদনকেন্দ্রে পরিণত করা, অলিম্পিক আয়োজন এবং মহাকাশে মানব অভিযানের মতো লক্ষ্য রয়েছে। এই লক্ষ্যগুলির কথা বলার সময় সভায় উপস্থিত কর্মী-সমর্থকেরাও ‘উই উইল ডু ইট’ স্লোগানে সাড়া দেন।
আরও পড়ুন:
নিজের ২৫ বছরের প্রশাসনিক জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “যাঁরা আমার বিরোধিতা করেছিলেন, তাঁরা আমায় গণতন্ত্রের শক্তি চিনিয়েছেন। আমার সমালোচকেরা আমায় নিজের দিকে তাকানোর শিক্ষা দিয়েছেন।” তাঁর দাবি, জীবনের প্রতিটি ঘটনা তাঁকে কোনও না কোনও শিক্ষা দিয়েছে। ভুজের ভূমিকম্প তাঁকে পুনর্গঠনের শিক্ষা দিয়েছে, আর চন্দ্রযানের ব্যর্থতা শিখিয়েছে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে।
আরও পড়ুন:
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা স্মরণ করে মোদী বলেন, “সে দিন ভাবিনি এই মাইলফলক ছোঁব।
আজ শীর্ষ প্রশাসক হিসেবে টানা ২৫ বছর জনগণের সেবা করার যে সুযোগ পেয়েছি, তা দেশবাসীর অশেষ আশীর্বাদেরই ফল।” তিনি এই দীর্ঘ যাত্রার কৃতিত্ব দেশের মানুষ, দলীয় কর্মী এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাকে দেন।আরও পড়ুন:
বক্তৃতার শেষে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে প্রত্যয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “এই দিন শুধু স্মৃতি রোমন্থনের জন্য নয়। এই দিন সেই সংকল্পকে নতুন করে শক্তি দেওয়ার দিন—আমরা করে দেখাব, উই উইল ডু ইট।”