পুবের কলম, নয়াদিল্লি:
আরও পড়ুন:
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগে গ্রেফতার ১৭ জন পড়ুয়া ও সাংবাদিককে জামিন দিল দিল্লির আদালত। সোমবার রাতে পাটিয়ালা হাউস কোর্টের ডিউটি জেএমএফসি অনিমেষ কুমার চারটি পৃথক নির্দেশে তাঁদের জামিন মঞ্জুর করেন।
আদালত জানায়, অভিযুক্তদের বয়স কম এবং তাঁরা অভ্যাসগত অপরাধী বলে মনে হচ্ছে না। বিচারকের পর্যবেক্ষণ, তাঁদের সামনে দীর্ঘ কর্মজীবন পড়ে রয়েছে। তাই মামলার পরিস্থিতি বিবেচনা করে তাঁদের জামিন দেওয়া হচ্ছে।
তবে আদালত একই সঙ্গে জানায়, বিক্ষোভের সময় এক পুলিশকর্মী আহত হয়েছেন বলে মেডিক্যাল রিপোর্টে উল্লেখ রয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার থাকলেও কর্তব্যরত পুলিশকর্মীর উপর হামলার অভিযোগ গুরুতর। শান্তিপূর্ণ বিক্ষোভের আড়ালে এমন ঘটনা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য আদালতের।
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা 'সার' প্রক্রিয়ায় অনিয়মের সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। বিক্ষোভস্থলে যাওয়ার পথে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনী বহু মানুষকে আটক করে। পরে তাঁদের অনেককে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় মামলা হয়েছে। নতুন দিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগও রয়েছে। ওই নিষেধাজ্ঞায় আগাম অনুমতি ছাড়া পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, বিক্ষোভ ও স্লোগানে বিধিনিষেধ ছিল।
এদিকে, ভোটার তালিকায় নাম সংযোজন-বিয়োজন এবং ফর্ম ৬-এ পরিবর্তন-সহ কমিশনের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনারের আপত্তির খবর প্রকাশের পর নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।