পুবের কলম ওয়েবডেস্ক, চোপড়ায় ধানখেত থেকে কুড়িয়ে পাওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ হল এক কিশোর। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের চোপড়া থানার দীঘলগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ পড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দু’দিন আগে বাড়ির কাছের একটি ধানখেত থেকে ওই কিশোর একটি আগ্নেয়াস্ত্র কুড়িয়ে পেয়েছিল।
মঙ্গলবার বাড়িতে সেটি নিয়ে নাড়াচাড়া করার সময় আচমকাই গুলি বেরিয়ে যায়। গুলিতে তার শরীরের দু’টি জায়গায় আঘাত লাগে। শব্দ শুনে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।আরও পড়ুন:
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরটি পুলিশকে জানিয়েছে, ধানখেত থেকেই সে অস্ত্রটি পেয়েছিল। তার বাবা ওমরুল হক জানান, তিনি লক্ষ্মীপুর বাজারে ফলের ব্যবসা করেন।
মাঝেমধ্যে ছেলে তাঁর সঙ্গে দোকানেও যায়। তবে বাড়িতে ঠিক কীভাবে গুলি চলল, তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি।আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার পুলিশ। সেখান থেকে একটি দেশি ওয়ান শটার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অসাবধানতাবশত অস্ত্রটি থেকে গুলি বেরিয়েই এই ঘটনা। তবে বন্দুকটি ধানখেতে কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ।