পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগরের পাশাপাশি মঙ্গলবার নির্বিঘ্নেই সম্পন্ন হল অসম, তামিলনাড়ু ও পুদুচেরির উপনির্বাচন। অসমের নগাঁও লোকসভা কেন্দ্রে ৭৬ শতাংশ ভোট পড়ে। কেন্দ্রটিতে মূল লড়াই বিজেপির দেবাশিস শর্মা, কংগ্রেসের শিবমণি বোরা এবং এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের মধ্যে।

নগাঁওয়ে উপনির্বাচনের প্রয়োজন হয়েছিল প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রদ্যোৎ বরদলুই ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর। তিনি পরে দিসপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন।

তামিলনাড়ুর তফসিলি জাতি সংরক্ষিত মাদুরন্তকম ও ধারাপুরম কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত যথাক্রমে ৭০.৩১ ও ৬৮.০৮ শতাংশ ভোট পড়ে। দুই কেন্দ্রের লড়াই শাসক টিভিকে এবং বিরোধী ডিএমকে ও এআইএডিএমকের কাছে গুরুত্বপূর্ণ।

পুদুচেরির থাট্টানচাভাডি কেন্দ্রেও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হয়। দুপুর ৩টে পর্যন্ত সেখানে ৬৮.৯১ শতাংশ ভোট পড়ে। এই কেন্দ্রে মূল লড়াই এনডিএ, কংগ্রেস ও ডিএমকের মধ্যে। দিনের শেষে ভোটের হার বেড়ে ৮০ শতাংশেরও বেশি হয়েছে।