পুবের কলম ওয়েব ডেস্ক: ইউনেস্কোর হেরিটেজ তকমাপ্রাপ্ত দুর্গাপুজোর পাস সংক্রান্ত আর্থিক অনিয়ম মামলায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার, ৭ অক্টোবর বেলা সাড়ে এগারোটা নাগাদ প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেন তিনি। এর আগে গত ৩০ সেপ্টেম্বর তাঁকে টানা প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তবে এদিন তদন্তকারী দপ্তরে প্রবেশের মুখে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর না দিয়ে এড়িয়ে যান প্রাক্তন মন্ত্রী।


ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর পাস বিক্রির নামে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের সূত্র ধরে এর আগে ইন্দ্রনীল সেনের বাড়ি ও অফিস-সহ প্রায় ১৫টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০২২ সাল থেকে পরবর্তী প্রায় তিন বছর ধরে পাসের নামে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে। অভিযোগ, সরকারি টেন্ডার বিধি লঙ্ঘন করে প্রায় ৮৫ কোটি টাকা নিজের ঘনিষ্ঠ সহযোগীদের সংস্থাকে পাইয়ে দিয়েছিলেন ইন্দ্রনীল সেন।
এছাড়া তাঁর মালিকানাধীন সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকারও বেশি নগদ জমা পড়ে এবং সেই অ্যাকাউন্ট থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা পাঠানো হয়েছিল বলে তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে।
ইডি সূত্রের খবর, প্রথম দিনের জিজ্ঞাসাবাদে বেশ কিছু কাগুজে ও ডিজিটাল নথি সামনে রাখা হলেও প্রাক্তন মন্ত্রীর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং তিনি তদন্তে সঠিক সহযোগিতা করেননি। সেই কারণেই তাঁর গত ১০ বছরের যাবতীয় ব্যাঙ্ক লেনদেনের বিস্তারিত খতিয়ান তলব করে ফের এই দ্বিতীয় তলব করা হয়। যাবতীয় আর্থিক নথি খতিয়ে দেখে এবং তাঁর পূর্ববর্তী বয়ান মিলিয়ে এদিন তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।