পুবের কলম, ওয়েবডেস্ক: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর অফিসার অন স্পেশাল ডিউটি রাজবীর সিং ঘুমানের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর আচমকা অভিযান ঘিরে এক নজিরবিহীন ও নাটকীয় দৃশ্যের সাক্ষী থাকল সাঙ্গরুর জেলার ঘরাঁচো গ্রাম। সাধারণত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানে স্থানীয় স্তরে প্রতিবাদ দেখা গেলেও, এ ক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো ছবি। সিবিআই-এর গাড়ি গ্রাম ছেড়ে বেরোনোর সময় তাদের ওপর ফুল ছিটিয়ে, ঢোল বাজিয়ে এবং ভাঙড়া নাচ পরিবেশন করে স্বাগত জানালেন স্থানীয় গ্রামবাসীদের একাংশ। সিবিআই সূত্রের খবর, পাঞ্জাবের সরকারি অর্থ তছরুপ ও দুর্নীতির অভিযোগে বেশ কিছু প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া করা হয়েছে।


 
পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকতে এই ঘটনা কেন্দ্র ও রাজ্য রাজনীতির উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে রাজ্যের শাসকদল আম আদমি পার্টি (আপ) এবং বিরোধী দলগুলির মধ্যে তীব্র রাজনৈতিক আকচাআকচি শুরু হয়েছে।
 
ঘরাঁচো গ্রামের এই দৃশ্য সামনে আসতেই আম আদমি পার্টি ও মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিশানা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিং মজিথিয়া বলেন, "ইতিহাসে প্রথমবার দেখা গেল পাঞ্জাবের মানুষ সিবিআই-এর পদক্ষেপ উপভোগ করছে এবং আনন্দ উদযাপন করছে।
ভগবন্ত মান দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে মরিয়া চেষ্টা করছেন। যে ওএসডি রাজবীরকে তিনি আড়াল করতে চাইছেন, তাঁর নিজের গ্রামের মানুষই সিবিআই-কে স্বাগত জানাচ্ছে।"
 
বিজেপি নেতা তরুণ চুঘ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে বলেন, "পাঞ্জাবের মানুষের প্রতিটি পয়সা লুটের হিসাব দিতে হবে। নাটক বন্ধ করে তদন্তের মুখোমুখি হন।"
 
এদিকে সাঙ্গরুর পুলিশ জানিয়েছে, সিবিআই দলকে ফুল দিয়ে স্বাগত জানানোর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিচ্যুতি ঘটার কারণে এক পুলিশ আধিকারিককে বরখাস্ত বা সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু'জনকে আটক করেছে পুলিশ।