পুবের কলম ওয়েব ডেস্ক: ব্যয়বহুল অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করে নজির তৈরি হল জলপাইগুড়িতে। এই প্রথম জেলায় কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় এক বৃদ্ধার জটিল নিউরো সার্জারি সফলভাবে করা হল। এর ফলে দীর্ঘ তিন বছরের তীব্র শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেলেন জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব মুন্নি রায়। ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে না পেরে যে পরিবার এক সময় ভিটেমাটি হারানোর আশঙ্কায় ছিল, বিনামূল্যে সেই অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের সদস্যরা।


পাণ্ডাপাড়ার বাসিন্দা মুন্নি দেবী তিন বছর আগে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পান। চোটের তীব্রতায় তাঁর হাড়ের উপর হাড় উঠে গিয়ে স্নায়ু বা নার্ভ মারাত্মকভাবে চেপে গিয়েছিল, যার কারণে সামান্য নড়াচড়া করলেই তীব্র যন্ত্রণায় ছটফট করতেন তিনি। স্থানীয় চিকিৎসকেরা তাঁকে ভিনরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বৃদ্ধার ছেলে সঞ্জিত রায় পেশায় টোটোচালক হওয়ায় আর্থিক অনটনের কারণে ভিনরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি।
সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর পরিবারটি আয়ুষ্মান কার্ডের সুবিধা পায়। কার্ড হাতে আসতেই একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।
রোগীর শারীরিক ও পরিবারের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে এগিয়ে আসেন অর্থোপেডিক সার্জন ডাঃ কমলেশ বিশ্বাস এবং নিউরো সার্জন ডাঃ বিগান কামদার। প্রায় আড়াই ঘণ্টার টানা অস্ত্রোপচারের পর রোগীর চেপে থাকা স্নায়ু মুক্ত করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, জলপাইগুড়ি জেলায় আয়ুষ্মান কার্ডের মাধ্যমে এই ধরনের জটিল অস্ত্রোপচার এই প্রথম। অস্ত্রোপচারের পর রোগী সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকেরা।