পুবের কলম ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক অস্থিরতা ও বিশ্বজুড়ে মাথাচাড়া দেওয়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে প্রায় চার বছর পর রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। তিন দিনব্যাপী মনিটারি পলিসি কমিটির (এমপিসি) বৈঠকের পর বুধবার শীর্ষ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সর্বসম্মত সিদ্ধান্তে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করা হয়েছে, যা ৭ অক্টোবর থেকেই কার্যকর হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম রেপো রেট বৃদ্ধি করল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

রেপো রেট বৃদ্ধির কারণে সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ ঋণগ্রহীতাদের পকেটে। রিজার্ভ ব্যাঙ্কের থেকে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে সুদে ঋণ নেয়, তাকেই রেপো রেট বলা হয়। ফলে এই হার বাড়লে গৃহঋণ, গাড়ি ঋণ কিংবা ব্যক্তিগত ঋণের মতো পরিবর্তনযোগ্য (ফ্লোটিং) সুদের হারে নেওয়া ঋণের মাসিক কিস্তি বা ইএমআই বেড়ে যাওয়া অনিবার্য। আনুমানিক হিসেবে, কারও যদি ২০ বছর মেয়াদে ৫০ লক্ষ টাকার গৃহঋণ নেওয়া থাকে, তবে প্রতি মাসে ইএমআই বাবদ প্রায় ৭৮০ টাকা বাড়তি খরচ হতে পারে এবং সম্পূর্ণ মেয়াদে অতিরিক্ত সুদ গুনতে হতে পারে প্রায় ১.৮৮ লক্ষ টাকা।

তবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নির্দিষ্ট সুদের হার, চুক্তি ও রিসেট মেয়াদের ওপর নির্ভর করবে এই বৃদ্ধির সঠিক অঙ্ক। ঋণের বোঝা বাড়লেও এর ইতিবাচক দিক হিসেবে ফিক্সড ডিপোজিট-সহ বিভিন্ন সঞ্চয় প্রকল্পে ব্যাঙ্কগুলি সুদের হার বাড়াতে পারে, যা প্রবীণ নাগরিক ও সাধারণ আমানতকারীদের সুরাহা দেবে।

বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, বিশ্ব অর্থনীতিতে পণ্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবে পণ্য পরিবহণে বড় ধরনের ধাক্কা এসেছে। সামগ্রিক পরিস্থিতি বিচার করেই মূল্যবৃদ্ধির গতিতে লাগাম পরাতে এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল বলে স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।