প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, গত ১০ বছরে ভারতে কৃষি ও ফসল উৎপাদনে একের পর এক রেকর্ড তৈরি হয়েছে। স্বাধীনতার পর এমন নজির আগে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘সেবা জ্যোতি সংকল্প’ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, সরকারের নীতি ও সুশাসনের কারণেই কৃষি উৎপাদন এই উচ্চতায় পৌঁছেছে। খাদ্যশস্য উৎপাদনের জন্য পরিচিত বহু দেশের তুলনায় গত এক দশকে ভারতের কৃষি উৎপাদনের বৃদ্ধির হার বেশি বলেও দাবি করেন তিনি।
প্রশাসনের সর্বোচ্চ পদে তাঁর ২৫ বছরের যাত্রার প্রসঙ্গ তুলে মোদি বলেন, তিনি যেখানে দায়িত্বে থেকেছেন, সেখানেই মানুষ তাঁকে সেবক হিসেবে বেছে নিয়েছেন।
এদিকে মোদির ২৫ বছরের প্রশাসনিক যাত্রা উপলক্ষে তাঁর জন্মস্থান গুজরাতের ভাদনগরেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী মোদির নেতৃত্বের প্রশংসা করেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানও মোদির ভূয়সী প্রশংসা করেন। ভুটানের প্রধানমন্ত্রীও মোদির নেতৃত্বের প্রশংসা করে তাঁকে ‘বিষ্ণুর অবতার’ বলে অভিহিত করেন।