পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনের জন্য সংশোধিত পুনর্বিন্যাসের ভিত্তিতে ২০৯টি ওয়ার্ডের মধ্যে মহিলা প্রার্থীদের জন্য মোট ৭০টি ওয়ার্ড সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারির তরফে ১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পুর নির্বাচন আইন মেনে এবং ‘ফর্ম বি’-র তিন ও চার নম্বর ধারা অনুযায়ী এই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়। তালিকায় সাধারণ মহিলাদের জন্য ৬৬টি এবং তফশিলি মহিলাদের জন্য ৪টি ওয়ার্ড সংরক্ষিত রাখা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন আগামী নভেম্বরের ২৮ অথবা ২৯ তারিখে কলকাতা ও হাওড়ায় পুরভোট করানোর প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।
প্রকাশিত চূড়ান্ত তালিকায় সাধারণ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডগুলি হল ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৬, ২৯, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫, ৪৮, ৫১, ৫৫, ৫৮, ৬১, ৬৪, ৬৭, ৭০, ৭৩, ৭৭, ৮০, ৮৩, ৮৬, ৮৯, ৯২, ৯৫, ৯৮, ১০১, ১০৪, ১০৭, ১১০, ১১৩, ১১৬, ১১৯, ১২২, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৫, ১৪৮, ১৫১, ১৫৫, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯৩, ১৯৬, ২০২, ২০৫ ও ২০৮ নম্বর ওয়ার্ড। অন্যদিকে তফশিলি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে ২৫, ৭৫, ১৫৪ ও ১৯৭ নম্বর ওয়ার্ড। তফশিলি জাতির সাধারণ প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে ৩১, ৫২, ১২৫, ১৪৪, ১৫৮, ১৯২, ২০০ ও ২০১ নম্বর ওয়ার্ড। তবে এই তালিকায় তফশিলি উপজাতি প্রার্থীদের জন্য কোনও আসন সংরক্ষণের আওতায় রাখা হয়নি।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর জেলাশাসকের দপ্তর থেকে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে সংরক্ষণের ক্ষেত্রে একাধিক অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলেছিল তৃণমূল, বাম ও কংগ্রেস। এমনকি এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার তোড়জোড়ও চলছিল বিরোধী শিবিরে। পুরদপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের পর মোট ওয়ার্ড সংখ্যা ২০৯টি হওয়ায় পুরনো ‘১, ৪, ৭ ফর্মুলা’ বজায় রেখে খসড়া প্রস্তাব সংশোধন করেই এই চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। সংরক্ষণের এই চূড়ান্ত রূপরেখা সামনে আসার পরই শাসক বিজেপির পাশাপাশি তৃণমূল, বাম ও কংগ্রেসের মতো দলগুলি নিজেদের প্রার্থী তালিকায় প্রয়োজনীয় রদবদল আনার তোড়জোড় শুরু করেছে।