ইন্ডিয়া শিবিরের শীর্ষ নেতৃত্বকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু বুধবার দিল্লির জনপথের একটি রেস্তরাঁয় আয়োজিত সেই মধ্যাহ্নভোজে দেখা যায়নি সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে। এর পরই বিরোধী শিবিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে, তবে কি ইন্ডিয়া জোটের মধ্যে দূরত্ব বাড়ছে?
মঙ্গলবারও কংগ্রেসের কর্মসূচিতে অংশ না নিয়ে সমাজবাদী পার্টি পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছিল। ফলে অখিলেশের অনুপস্থিতিকে ঘিরে জল্পনা আরও তীব্র হয়।
পরিস্থিতি সামাল দিতে সমাজবাদী পার্টির নেতা উদয়বীর সিং জানান, রাজ্যসভা নির্বাচন সামনে থাকায় মঙ্গলবার রাতেই দিল্লি থেকে উত্তরপ্রদেশে ফিরে গিয়েছেন অখিলেশ। তবে দলের এক নেতা দাবি করেছেন, কংগ্রেসের পক্ষ থেকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁর অভিযোগ, অনেক রাতে দলের সদর দফতরে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। তাঁর মতে, খাড়্গে ফোন করে আমন্ত্রণ জানালেই বিষয়টি সহজেই মিটে যেত।