এসআইআর বাতিল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবিতে আন্দোলনে অনড় ‘ককরোচ জনতা পার্টি’। আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে ‘যন্তরমন্তর ২.০’ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। বুধবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও দাবির সঙ্গেই আপস করা হবে না।
এদিন পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে কর্মসূচির কথা পুলিশকে জানায় ককরোচ জনতা পার্টি। সংগঠনের সদস্য সৌরভ দাস বলেন, আন্দোলনের বিষয়ে পুলিশকে অবগত করা তাঁদের দায়িত্ব।

পুলিশ বিষয়টি গ্রহণ করে তাঁদের একটি রিসিভড কপিও দিয়েছে। তবে এখনও আন্দোলনের অনুমতি মেলেনি। সৌরভের দাবি, পুলিশের অনুমতির জন্য তাঁরা অপেক্ষা করছেন না। নির্ধারিত কর্মসূচি হবেই।
সংগঠনের আরও দাবি, এসআইআর বাতিল করে ২০২৫ সালের ভোটার তালিকাকে মান্যতা দিতে হবে।
পাশাপাশি নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের আইন প্রত্যাহার করে নতুন নিয়ম প্রণয়নের দাবি জানানো হয়েছে। সেই নিয়ম তৈরির ক্ষেত্রে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছে তারা।
ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ১০ অক্টোবরের আন্দোলন শান্তিপূর্ণভাবেই হবে। পুলিশকে আন্দোলনকারীদের সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে। এদিকে একই দাবিতে ওইদিন পৃথক কর্মসূচির ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। বুধবারই বিভিন্ন ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কেও ককরোচ জনতা পার্টির আন্দোলন শুরু হওয়ার কথা।