পুবের কলম ওয়েব ডেস্ক: সাতসকালে দুষ্কৃতীদের নিশানায় পড়লেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কলকাতার ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় তাঁর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টি চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। হামলায় বাড়ির একাধিক জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায় এবং বাড়িতে বসানো সিসিটিভি ক্যামেরাও ভেঙে নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন প্রাক্তন সাংসদ। হামলার পাশাপাশি তাঁকে হুমকিও দেওয়া হয়েছে।

সাতসকালে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন, যদিও এর নেপথ্যে সুনির্দিষ্ট রাজনৈতিক কারণ নাকি অন্য কোনও আক্রোশ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ অনুযায়ী, সকালে বাইকে চেপে বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তাঁর বাড়ির সামনে আসে।
হামলাকারীদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল এবং বাইকের নম্বর প্লেটও কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যার ফলে কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি। এসেই তারা অতর্কিতে বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে এবং জানলার কাচ ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। ঘটনাটিকে সম্পূর্ণ ‘পরিকল্পিত আক্রমণ’ বলে দাবি করেছেন বর্ষীয়ান এই সিপিএম নেতা।
হামলার মুখে ক্ষোভ উগরে দিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, এই ধরনের সন্ত্রাসের মাধ্যমে তাঁকে কোনওভাবেই ভয় দেখানো যাবে না।
কড়া বার্তা দিয়ে তিনি বলেন, "খুব পরিকল্পিত আক্রমণ এটা। এরা যদি সন্ত্রাসী না হয় তবে কারা? ওই সন্ত্রাসীরা জেনে রাখুক, আমাকে ভয় দেখানো যাবে না। এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব। সবাই যাতে সাবধানে হয়ে যায়।" রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন এলাকায় বামেদের পার্টি অফিস ও দলীয় সভায় হামলার পাশাপাশি গত জুন মাসে তাঁর বাড়ির সামনে ধর্মীয় ইস্যুতে ‘পর্ক উৎসব’-এর মতো একাধিক উসকানিমূলক ঘটনার প্রসঙ্গ টেনেও নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছেন তিনি।