পশ্চিমবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিন দিনের রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার বর্ধমানের উল্লাস উপনগরীতে মধ্যবঙ্গ প্রান্তের কার্যালয়ে সাংগঠনিক একত্রীকরণ কর্মসূচি ও একাধিক বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় তাঁর সফর। এদিকে রাতে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যে সংগঠনের বিস্তার, শাখার সংখ্যা বৃদ্ধি এবং জনসংযোগ জোরদার করার মতো বিষয়গুলি এবারের সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে সূত্রের খবর। বর্তমানে পশ্চিমবঙ্গে আরএসএসের প্রায় পাঁচ হাজার শাখা রয়েছে।

সেই সংখ্যা বাড়িয়ে ১০ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা পূরণে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে সংগঠনের নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে।

বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে গাড়িতে বর্ধমানে পৌঁছন মোহন ভাগবত। উল্লাস উপনগরীর কার্যালয়ে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাংগঠনিক নেতৃত্ব-সহ বিভিন্ন স্তরের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সংগঠনের বর্তমান পরিস্থিতি, শাখার সম্প্রসারণ, সামাজিক যোগাযোগ এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

এরপর দেওয়ানদিঘি এলাকার একটি বেসরকারি স্কুলের অডিটোরিয়ামে সংঘের মুখ্য শিক্ষক ও কার্যবাহীদের সঙ্গে বৈঠক করেন আরএসএস প্রধান।

সেখানে শরীরচর্চা ও সাংগঠনিক বিস্তার নিয়েও আলোচনা হয়। পরবর্তী সময়ে ফের উল্লাসের কার্যালয়ে বৈঠকে বসেন তিনি। সব বৈঠকই ছিল রুদ্ধদ্বার।

উল্লেখ্য, ১৯২৫ সালে বিজয়া দশমীর দিন আরএসএস প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনের শতবর্ষ উদযাপন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি চলছে।

এই প্রেক্ষাপটে গত এক বছরে সংগঠনের সম্প্রসারণ এবং সামাজিক জনসংযোগের কাজ কতটা এগিয়েছে, তা নিয়েও পর্যালোচনা হওয়ার কথা।

শুক্রবারও দিনভর সাংগঠনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। শনিবার কলকাতায় ফিরে যাওয়ার কথা মোহন ভাগবতের। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এই তিন দিনের সফর ঘিরে রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে। সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সংঘ প্রধান কী বার্তা দেন, এখন সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।