উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : মথুরাপুর-২ ব্লকের বিভিন্ন সমস্যা ও একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার এসইউসিআই (কমিউনিস্ট) দলের মথুরাপুর ২ ব্লক কমিটির পক্ষ থেকে বিডিও, এডিএ এবং বিএলআরও দপ্তরের আধিকারিকদের কাছে গণ ডেপুটেশন দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে পাঁচ শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।এসইউসিআই (সি)-এর অভিযোগ, সুন্দরবনের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মথুরাপুর-২ ব্লকের বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অত্যন্ত বেহাল।প্রতিদিন এই এলাকার পাশাপাশি আশপাশের বহু মানুষ হাসপাতাল, স্কুল কলেজ, অফিস আদালত এবং জীবিকার প্রয়োজনে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

দলের পক্ষ থেকে রায়দিঘি থেকে দমকল, রায়দিঘি থেকে ঢাকীর মুখ, কোম্পানিরঠেক থেকে আটেশ্বরতলা, ১ নম্বর চৌদ্দরশি থেকে নলগোড়া সেতু, ২ নম্বর চৌদ্দরশি থেকে চাপলা স্কুল মোড়-সহ রায়দিঘি ডায়মন্ড হারবার সড়কের দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। বিশেষ করে প্রসূতি, অসুস্থ রোগী, ছাত্র ছাত্রী এবং প্রবীণদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
এছাড়াও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়েও সরব হয় এসইউসিআই। দলের অভিযোগ, ‘এসআইআর’-এর মাধ্যমে বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তোলা হয়।
অন্যদিকে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন না বলেও অভিযোগ করা হয়। এর পাশাপাশি পঞ্চায়েতের কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানানো হয়। দলের দাবি, কর বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর আরও আর্থিক চাপ তৈরি হবে।এদিনের বিক্ষোভ ও গণ ডেপুটেশনে নেতৃত্ব দেন এসইউসিআই (সি)-এর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সম্পাদক বিশ্বনাথ সরদার, সম্পাদকমণ্ডলীর সদস্য গুণসিন্ধু হালদার ও রেণুপদ হালদার, উত্তম হালদার, রামকুমার মণ্ডল, সঞ্জয় মণ্ডল এবং জেলা কমিটির সদস্য তপন শিকারী। বক্তারা আগামী দিনে মথুরাপুর-২ ব্লকের বিভিন্ন সমস্যা নিয়ে আরও বৃহত্তর ও দীর্ঘস্থায়ী গণ আন্দোলনের ডাক দেন।