শ্রেণিকক্ষে এক ছাত্রীর নিকাব পরা নিয়ে মন্তব্যের অভিযোগে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে আপাতত ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভাগীয় একাডেমিক কমিটি। একদল নারী শিক্ষার্থীর প্রতিবাদ ও লিখিত অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ, গত বুধবার স্নাতকোত্তরের ক্লাস চলাকালে নিকাব পরা এক ছাত্রীকে পেছনে গিয়ে বসতে বলেন ওই শিক্ষক। এতে প্রতিবাদ জানিয়ে ছাত্রীটি ক্লাস ছেড়ে বেরিয়ে যান।

পরে আরও কয়েকজন শিক্ষার্থীও ক্লাস থেকে বেরিয়ে যান।

বৃহস্পতিবার নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযোগ প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের একাডেমিক নিরাপত্তা নিশ্চিত করা।

এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিভাগীয় একাডেমিক কমিটিতে আলোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে। অন্যদিকে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী জানান, সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষকের কোর্সগুলো অন্য শিক্ষকদের দেওয়া হয়েছে। আপাতত তিনি কোনো কোর্সের ক্লাস নিতে পারবেন না।

সহ-উপাচার্য আরও বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ধর্মীয় বা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়। শিক্ষার্থীরা যাতে স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট থাকবে।