পুবের কলম ওয়েবডেস্ক, রাতের অন্ধকারে হঠাৎ আগুন। আতঙ্ক ছড়াল মুম্বইয়ের আইআইটি বম্বে ক্যাম্পাসে। বৃহস্পতিবার, ৮ অক্টোবর রাতের এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ ও ১২ বছরের দুই শিশুও রয়েছে। প্রাথমিক তদন্তে গ্যাসের পাইপ থেকে গ্যাস বেরিয়ে আগুন লাগার আশঙ্কা করছেন আধিকারিকেরা।
আরও পড়ুন:
বৃহন্মুম্বই পুরনিগম সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা ২৪ মিনিট নাগাদ পোয়াই এলাকার আইআইটি বম্বের ৬ নম্বর হস্টেলে আগুন লাগে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, রান্নার গ্যাসের সিলিন্ডারের পাইপে ফুটো থাকায় গ্যাস বেরিয়ে আসে। কোনওভাবে তাতে আগুন ধরে যায়। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
আহতদের দ্রুত রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে চারজনকে কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একজনের চিকিৎসা চলছে রাজাওয়াড়ি হাসপাতালেই। দমকল বিভাগের আধিকারিকেরা জানিয়েছেন, পাঁচজনের শারীরিক অবস্থাই আপাতত স্থিতিশীল।
আরও পড়ুন:
সূত্রের খবর, হস্টেলের যে অংশে আগুন লাগে, সেটি আবাসিকদের থাকার ঘর হিসেবেও ব্যবহৃত হতো। ফলে সেখানে কীভাবে গ্যাস লিক হল এবং আগুন লাগার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।