পুবের কলম ওয়েবডেস্ক, ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত দামি ওষুধের খরচ কমাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার সরকার জানিয়েছে, তালিকাভুক্ত নয় এমন ক্যানসারের ওষুধের ক্ষেত্রে ট্রেড মার্জিন সর্বোচ্চ ৩০ শতাংশ রাখা হবে। এর ফলে কয়েকটি ওষুধের সর্বোচ্চ খুচরো দাম বা এমআরপি ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের আওতায় ব্র্যান্ডেড ও জেনেরিক—দুই ধরনের ওষুধই থাকছে।
আরও পড়ুন:
সরকারের বক্তব্য, ওষুধের দামের সঙ্গে ব্যবসায়ীদের অতিরিক্ত লাভের অংশ কমিয়ে রোগীদের চিকিৎসার খরচ কমানোই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
আরও পড়ুন:
সরকারের হিসাব অনুযায়ী, নতুন নিয়মের ফলে ক্যানসার রোগীদের বছরে প্রায় ২,৫০০ কোটি টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। বিশেষ করে যেসব রোগীকে দীর্ঘদিন ধরে দামি ওষুধ কিনতে হয়, তাঁদের নিজেদের পকেট থেকে চিকিৎসার খরচ কমার সম্ভাবনা রয়েছে।
ক্যানসারের ওষুধের দাম নিয়ন্ত্রণে ২০১৯ সালেও সরকার পদক্ষেপ করেছিল। সে সময় ৫২৬টি ব্র্যান্ডের ক্যানসারের ওষুধের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সরকারের দাবি, তাতে বছরে প্রায় ৯৮৪ কোটি টাকা সাশ্রয় হয়েছিল। তবে শুধু দাম কমানো নয়, প্রয়োজনীয় ওষুধের বাজারে সরবরাহ যাতে ঠিক থাকে, সেদিকেও নজর রাখছে সরকার। তাদের দাবি, নতুন সিদ্ধান্তের লক্ষ্য হল ক্যানসারের জীবনরক্ষাকারী ওষুধকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করা।