পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনের ডিউটি শেষ করে ফেরার পথে আসামের বরপেটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ-এর (BSF) জওয়ানদের একটি বাস। ২৭ নম্বর জাতীয় সড়কে একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে বিএসএফ বাসের সজোরে ধাক্কায় বাসের চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩২ জন বিএসএফ জওয়ান মারাত্মকভাবে আহত হয়েছেন।

প্রশাসন সূত্রে খবর,   দুর্ঘটনাটি ঘটে বরপেটা জেলার হাউলি এলাকার কাছে ২৭ নম্বর জাতীয় সড়কে। বিএসএফ জওয়ানদের নিয়ে বাসটি ধুবড়ির দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় হাউলি থানার পুলিশ এবং স্থানীয় উদ্ধারকারী দল।

পুলিশ জানিয়েছে, বাস চালক সামসুল হক (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি গোয়ালপাড়া জেলার শিমলিতলার গ্যারোইমারির বাসিন্দা ছিলেন। বাসটিতে থাকা ৩২ জন বিএসএফ জওয়ান আহত হন।

গুরুতর আহত ১৪ জন জওয়ানকে বরপেটা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন জওয়ানদের মধ্যে ১ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটিকে আটক করে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। উচ্চ গতি নাকি কুয়াশা ও নিয়ন্ত্রণ হারানোর কারণে ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা মারে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। নিহত চালকের ময়নাতদন্তের পাশাপাশি আহত জওয়ানদের সব ধরনের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।