পুবের কলম ওয়েব ডেস্ক: উপনির্বাচনের ভোটগণনা শুরু হতেই মুর্শিদাবাদের রেজিনগরে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছে বিজেপি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন ফলাফলের গতিপ্রকৃতি স্পষ্ট হতে শুরু করেছে, তখনই সকালে গণনাকেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে যান রেজিনগরে তৃণমূলের ঋতব্রত শিবিরের প্রার্থী শফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টার। কেন তিনি গণনাকেন্দ্র ছাড়লেন, সে প্রসঙ্গে তাঁর সাফ জবাব— তিনি ভীষণ ক্লান্ত এবং তাঁর ঘুম প্রয়োজন।
শফিউজ্জামান জানান, গণনাকেন্দ্রে দলের এজেন্টরা রয়েছেন, তাই তাঁর উপস্থিতির তেমন প্রয়োজন নেই। আগের দিন রাতে অনেকের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে সারারাত ঘুম হয়নি, তাই তিনি বিশ্রাম নিতে যাচ্ছেন।
ভোটের ফল অনুযায়ী, রেজিনগরে প্রথম থেকেই একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে বিজেপি। পঞ্চম রাউন্ডের গণনা শেষে বিজেপির প্রার্থী শাখারভ সরকার ২৩ হাজার ১৮৯ ভোটে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে হুমায়ুনের দল আমজনতা উন্নয়ন পার্টি, তৃতীয় স্থানে কংগ্রেস, চতুর্থ স্থানে মমতা তৃণমূল, পঞ্চম স্থানে সিপিএম এবং ষষ্ঠ স্থানে গণতান্ত্রিক তৃণমূল।
অন্য দিকে নন্দীগ্রাম উপনির্বাচনেও একতরফা ফল সামনে এসেছে। পঞ্চম রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৪১ হাজার ৫০০ ভোটে এগিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। সেখানে দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃতীয় স্থানে সিপিআই, চতুর্থ স্থানে আইএসএফ এবং পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক তৃণমূল। নন্দীগ্রামে ঋতব্রত শিবিরের প্রার্থীর লড়াই মূলত চলছে নোটার সঙ্গে।