আবদুল ওদুদ: কর্মসূত্রে সৌদি আরবে গিয়ে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার জেরে সে দেশের পুলিশের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের রাজখান্ডা গ্রামের বাসিন্দা মহম্মদ বাণী ইসরাইল সেখ। সেখানে অবস্থানকালে গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। এর জেরেই তিনি সৌদি কর্তৃপক্ষের হাতে আটক হন এবং জেদ্দার সফর জেলের ২৩ নম্বর সেলে বন্দি রয়েছেন।
আরও পড়ুন:
বিষয়টি জানতে পেরে ওই প্রবাসী যুবককে নিরাপদে ও দ্রুত ভারতে ফিরিয়ে আনতে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান। গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি সৌদি আরবের জেদ্দাস্থ ভারতীয় কনস্যুলেট জেনারেলের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি (মেমো নং: 79/KR/18LS/JNG/2026-27) পাঠান।
চিঠিতে সাংসদ উল্লেখ করেন যে, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতির তদন্ত সাপেক্ষে বাণী ইসরাইলের ভারতীয় নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের প্রমাণ যাচাই করা হয়েছে এবং সেই সংক্রান্ত শংসাপত্রও সংযুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে যাতে তাঁকে যত দ্রুত সম্ভব দেশে ফেরানো যায়, তার জন্য কনস্যুলার সহযোগিতার জোরালো আর্জি জানান সাংসদ।আরও পড়ুন:
মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বিবিনগর গ্রামের আরও একজন বাসিন্দা মিষ্টার শেখকে দেশে ফিরিয়ে আনতে তৎপর হলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান। বিষয়টি নজরে আসার পরই গত ২৭ সেপ্টেম্বর জেদ্দায় অবস্থিত ভারতীয় কনস্যুলেটের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি এবং মিষ্টার শেখের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
আরও পড়ুন:
সাংসদের দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর ২০২৬ তারিখে জেদ্দার ভারতীয় কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে ফাহাদ আহমেদ খান সুরি লিখিতভাবে জবাব দেন।
কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, পাসপোর্ট নম্বর N2355994-এর ধারক মহম্মদ বাণী ইসরাইল সেখ বর্তমানে মক্কা প্রদেশের একটি কারাগারে আটক রয়েছেন। তাঁকে দ্রুত দেশে ফেরাতে কনস্যুলেট সৌদি আরবের সংশ্লিষ্ট ডিপোর্টেশন সেন্টার ও কারা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করছে। আইনি ও প্রশাসনিক নিয়মরীতি সম্পন্ন হওয়ামাত্রই প্রয়োজনীয় ভ্রমণ নথি তৈরি করে তাঁকে ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। সাংসদের এই উদ্যোগে ও দূতাবাসের সক্রিয় ভূমিকায় আশ্বস্ত হয়ে এখন যুবকের ঘরে ফেরার প্রতীক্ষায় দিন গুনছে তাঁর পরিবার।আরও পড়ুন:
এ বিষয়ে সাংসদ খলিলুর রহমান বলেন, আমরা মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করি। খুব শীঘ্রই সৌদির জেল থেকে মুক্তি পাবেন মুর্শিদাবাদের এই যুবক। আমরা প্রতিনিয়ত ভারতীয় কনস্যুলেটর সঙ্গে যোগাযোগ করছি ব্যাপারটি শীঘ্রই মিটবে বলে তিনি আশা প্রকাশ করেন।