পুবের কলম ওয়েবডেস্ক, সৌদি আরবের বিমানবন্দরে পরপর হামলার জেরে বিমান চলাচলে বিঘ্ন। নিরাপত্তার কথা মাথায় রেখে রিয়াধগামী একাধিক উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাশ এয়ার এবং লুফৎহানসা। বৃহস্পতিবার, ৮ অক্টোবরের হামলায় রিয়াধ বিমানবন্দরে অন্তত একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

 সৌদি আরবের বিভিন্ন এলাকায় হামলার পর বুধবার রিয়াধের কিং খালিদ বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তিন জনের মৃত্যু ও অন্তত ৩৬ জনের আহত হওয়ার খবর সামনে আসে।

এরপর বৃহস্পতিবারও হামলা চালানো হয় বলে দাবি হুথিদের। রিয়াধে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়া ওঠার ছবিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

পরিস্থিতির কথা মাথায় রেখে উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন বিমানসংস্থা।

লুফৎহানসা জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে ১৬ অক্টোবর পর্যন্ত রিয়াধে তাদের উড়ান বন্ধ থাকবে। ইন্ডিগো শুক্রবার পর্যন্ত রিয়াধগামী ও রিয়াধ থেকে ছাড়ার সব উড়ান বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া ও আকাশ এয়ার শনিবার, ১০ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের রাজধানীতে যাতায়াতকারী উড়ান বাতিলের কথা জানিয়েছে।

এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে রিয়াধগামী একটি বিমান বৃহস্পতিবার রওনা দিয়েও ফিরে আসে। আকাশ এয়ারও তাদের নির্ধারিত দুটি উড়ান বাতিল করেছে। সংঘাতের জেরে সৌদি আরবে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।