পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রীর পর এবার ‘দিমাগি নকশাল’ বা দেশবিরোধী শক্তিদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আরজি কর হাসপাতালে এবিভিপি-র এক সম্মেলনে উপস্থিত হয়ে তিনি কমিউনিস্ট এবং নকশালপন্থীদের কড়া সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, রাস্তায় নেমে চিনে চিনে এই দেশবিরোধী শক্তিদের শিকড় উপড়ে ফেলতে হবে।
এদিনের সভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কড়া ভাষায় নিশানা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও জানান, সদ্য সমাপ্ত রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনের ফলই দেশের মানুষের আসল আওয়াজ। সরকার এবিভিপি-র সঙ্গে মিলে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, অভয়ার পরিবার যাতে ন্যায়বিচার পায়, তার জন্য সরকার সর্বদা পাশে আছে বলেও তিনি স্পষ্ট করেন।
এ ছাড়াও, সিপিএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই হিন্দুত্ববাদীদের দোষারোপ করার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করে গোটা সনাতনী হিন্দু সমাজকে অপমান করেছেন ওই বামনেতা। হামলার ঘটনার যেমন পূর্ণাঙ্গ তদন্ত হবে, তেমনই হিন্দু সমাজকে অপমানের দায়ে বিকাশরঞ্জনের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।