পুবের কলম ওয়েব ডেস্ক: ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় সিপিএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। হামলার নেপথ্যে হিন্দুত্ববাদীদের হাত রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিকাশরঞ্জন। আর এই মন্তব্যের জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া সমালোচনার মুখে পড়লেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, তদন্তের আগেই এই ধরনের মন্তব্যের মাধ্যমে গোটা সনাতনী হিন্দু সমাজকে অপমান করেছেন ওই বামনেতা।
অভিযোগ, বৃহস্পতিবার সকালে বাইকে করে বেশ কয়েকজন যুবক বিকাশরঞ্জনের বাড়ির সামনে জড়ো হয়। হামলাকারীদের মুখ এবং বাইকের নম্বর প্লেট কালো কাপড় দিয়ে ঢাকা ছিল বলে দাবি। আচমকাই তারা বাড়ি লক্ষ্য করে ইট ও মদের বোতল ছুড়তে শুরু করে, যার জেরে জানলার কাচ ভেঙে যায়। এই ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় সরব হন বিকাশরঞ্জন। সেখানেই তিনি অভিযোগ করেন, হিন্দুত্ববাদী দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।
বিকাশরঞ্জনের এই দাবির তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং তাঁর নির্দেশেই পুলিশ ইতিমধ্যে এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে। তবে সনাতনীদের অপমানের দায়ে বিকাশরঞ্জনের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, গেরুয়া, সনাতন বা হিন্দুত্বের বিরুদ্ধে আঙুল তুললে ছেড়ে কথা বলা হবে না। জানা গিয়েছে, এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই ওই আইনজীবীর বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করা হয়েছে।