পুবের কলম ওয়েবডেস্ক, দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে উত্তেজনা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বন্ধ করা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে দলটি। বিক্ষোভ রুখতে রাজধানীতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। তবে গ্রেফতারি বা আটকের আশঙ্কাতেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

দিপকের বক্তব্য, তাঁকে আটক করা হলেও বিক্ষোভ থামানো উচিত নয়।

তাঁর দাবি, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ জরুরি। নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকার বিরোধিতা করছে আন্দোলনকারীরা।

বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পুলিশের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা পড়েনি এবং আগের কর্মসূচির ক্ষেত্রে দেওয়া শর্তও পূরণ করা হয়নি। অন্যদিকে, সিজেপির অভিযোগ, প্রতিবাদে অংশ নিতে পারেন এমন ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিক্ষোভকারীদের আটক করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি।

কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক রেল পরিষেবা বাতিল করা হয়েছে এবং মেট্রোর কয়েকটি স্টেশনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার অনুমতিও দেওয়া হয়েছে।

এদিকে, বিরোধী জোট ইন্ডিয়া-র নেতারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংশোধন নিয়ে তাঁদের আপত্তি জানিয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ, এসআইআর স্থগিত করা, বাদ পড়া ভোটারদের নাম ফেরানো এবং ব্যালট পেপারে ভোট ফিরিয়ে আনা। ভোটপ্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে গত দুই বছরে হওয়া কয়েকটি বিধানসভা নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা।