পুবের কলম, লখনউ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবামূলক জীবন এবং রাষ্ট্রগঠনে তাঁর অনন্য অবদানকে স্মরণীয় করে রাখতে বড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর, জেওয়ার-এর নাম পরিবর্তন করে ‘নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর’ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শুক্রবার লখনউতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে এক সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সাংবাদিক সম্মেলনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই দেশ এবং বিশেষ করে উত্তরপ্রদেশ এক অভূতপূর্ব আর্থিক ও পরিকাঠামোগত পরিবর্তনের সাক্ষী হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, উত্তরপ্রদেশের যোগী মন্ত্রিসভার জন্য এটি চরম গর্বের বিষয় যে, রাজ্যের পুণ্যভূমি বারাণসী থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, কাশী বিশ্বনাথ করিডোর পুনর্নির্মাণ এবং বিদেশ থেকে মা অন্নপূর্ণার প্রাচীন মূর্তি ফেরত আনা—প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাইলফলক। ২০১৭ সালের পর থেকে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, মেট্রো পরিষেবা এবং আঞ্চলিক র‍্যাপিড ট্রানজিট সিস্টেমের অভূতপূর্ব সম্প্রসারণ ঘটেছে।

যোগী জানান, উত্তরপ্রদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং এভিয়েশন ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে জেওয়ার বিমানবন্দর মুখ্য ভূমিকা পালন করতে চলেছে। রাজ্য সরকারের মতে, এই বিমানবন্দরটি কেবল উত্তরপ্রদেশের বৃহত্তম বিমানবন্দরই নয়, আগামী দিনে এটি সমগ্র ভারতের বৃহত্তম এভিয়েশন হাবে পরিণত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিমানবন্দর উপহার দিয়ে রাজ্যবাসীকে সম্মানিত করেছেন, তাই তাঁর সম্মানার্থেই সর্বসম্মতিক্রমে ‘নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর, জেওয়ার, নয়ডা’ নামকরণের প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।