পুবের কলম ওয়েব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন বা ‘মিডটার্ম ইলেকশন’ অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে ইরানে সেনা দিয়ে হামলা চালানোর কোনও পরিকল্পনা আমেরিকার নেই। বৃহস্পতিবার সমাজমাধ্যমে বার্তা দিয়ে এই সাময়িক স্বস্তির কথা ঘোষণা করেছেন তিনি।
ট্রাম্প তাঁর বার্তায় জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার ফলপ্রসূ আলোচনা চলছে। তবে বর্তমানে তেহরান সামরিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আমেরিকা ও ইজরায়েল। সম্প্রতি দুপক্ষের মধ্যে সংঘর্ষবিরতির সম্ভাবনা বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে জল্পনা ছড়ায় যে, আমেরিকার সেনা হয়তো ইরানের মাটিতে অভিযান চালাতে পারে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকায় আরব সাগরে ইউএসএস থিওডোর রুজভেল্ট-সহ মোট তিনটি বিমানবাহী রণতরী এবং অন্তত ২০ হাজার নৌসেনা মোতায়েন করে ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে আমেরিকা।
সম্প্রতি আলোচনার সময় ইরানের দেওয়া একটি শর্ত আমেরিকা খারিজ করে দেয়। পাশাপাশি ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। এই হুমকির পালটা প্রস্তুতি শুরু করেছে তেহরানও। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি আইআরজিসি-কে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে তারা। ইরানের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে, আমেরিকার যে কোনও উসকানি বা সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টার কড়া জবাব দেওয়া হবে। যুযুধান দুই পক্ষের এই চরম উত্তেজনার আবহেই মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় সাময়িকভাবে স্বস্তি পেল ইরান।