পুবের কলম, অমরাবতী: বিশাখাপত্তনম থেকে বাড়ি ফেরার পথে ট্রেনের ভেতর থেকেই নিখোঁজ হয়ে যাওয়া আসামের ২০ বছর বয়সী এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশের টিকুলামপুর এলাকায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ। অন্ধ্রপ্রদেশ পুলিশ ও রেল পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম হিমশ্রী বড়ো।

তিনি গুয়াহাটির প্রখ্যাত বি বরুয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর আসামের একটি সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে অনুষ্ঠানে অংশ নিতে বিশাখাপত্তনম গিয়েছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, গত ৫ অক্টোবর রাতে বিশাখাপত্তনম থেকে গুয়াহাটি ফেরার জন্য ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের (২২৫০৩) এস-২ কোচে ওঠেন হিমশ্রী। ৭ অক্টোবর সকালে ট্রেনটি গুয়াহাটি পৌঁছানোর কথা ছিল।

জানা গিয়েছে, ৬ অক্টোবর রাত আনুমানিক ২টা ৩৯ মিনিট নাগাদ হিমশ্রী তাঁর এক বন্ধুকে ফোন করেন। তিনি ভীতিজনক কণ্ঠে জানান যে ট্রেনের ভেতর কয়েকটি ছেলে তাঁকে ক্রমাগত হেনস্থা ও উত্যক্ত করছে। কথা বলার মধ্যেই আচমকা কেটে যায় ফোনের সংযোগ। এর পরপরই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

আতঙ্কিত বন্ধু তৎক্ষণাৎ গুয়াহাটি জিআরপি এবং রেলের হেল্পলাইন ১৩৯-এ অভিযোগ জানান। রেল পুলিশ তড়িঘড়ি এস-২ কোচে তল্লাশি চালিয়ে হিমশ্রীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করলেও কামরায় তাঁর সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর রেল কর্তৃপক্ষের কাছে অন্ধ্রপ্রদেশের টিকুলামপুর সংলগ্ন রেললাইনের ধারে এক যুবতীর রক্তাক্ত দেহ পড়ে থাকার খবর আসে। পরবর্তীতে নিখোঁজ হিমশ্রীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেহটি হিমশ্রীর বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।