উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বেআইনিভাবে তৈরি দোকান উচ্ছেদে অভিযানে নামল জয়নগর-মজিলপুর পৌরসভা। শুক্রবার দুপুরে জয়নগর-মজিলপুর পৌরসভার তিলিপাড়া মুলদিয়ার মোড়ে কুলপি রোডের পাশে তৈরি হওয়া দোকানগুলির বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এদিন জয়নগর থানার পুলিশের উপস্থিতিতে পৌরসভার উদ্যোগে দুটি দোকান ভেঙে দেওয়া হয়।পৌরসভা সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন কুমার মণ্ডল-সহ পৌর আধিকারিকরা। জয়নগর থানার পুলিশের উপস্থিতিতে তাঁদের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়।
প্রাথমিকভাবে দুটি দোকান ভেঙে দেওয়া হলেও বাকি দোকানগুলির মালিকদের আগামী সোমবার প্রয়োজনীয় নথিপত্র-সহ পৌরসভা কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।এ প্রসঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন কুমার মণ্ডল বলেন, “এদিন পৌরসভার তরফে প্রাথমিকভাবে দুটি দোকান ভেঙে দেওয়া হয়েছে। বাকি দোকানগুলির মালিকদের সোমবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পৌরসভা কার্যালয়ে দেখা করতে বলা হয়েছে। নথিপত্র খতিয়ে দেখার পর বাকি দোকানগুলির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কোনওভাবেই বেআইনি কাজকে প্রশ্রয় দেওয়া হবে না।”পৌরসভার এই অভিযানের পর বাকি দোকানগুলির বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেদিকেই নজর রয়েছে।