পুবের কলম ওয়েব ডেস্ক: 'ভোটচুরি'র অভিযোগ জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করল বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ১০ সদস্যের এক প্রতিনিধি দল। বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাষ্ট্রপতি তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ চেয়েছেন। বিরোধীদের দাবি, রাষ্ট্রপতির মনোভাব অত্যন্ত ইতিবাচক এবং তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
এদিন রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি জমা দেয় বিরোধী দলগুলি।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানান, রাষ্ট্রপতি যে তাঁদের অভিযোগ সরাসরি অস্বীকার করেননি, তাতেই তিনি বিস্মিত। তাঁর অভিযোগ, গোটা দেশ জানে ভোট চুরি হচ্ছে এবং নরেন্দ্র মোদী এর মূল চক্রী। পাশাপাশি অমিত শাহ ও জ্ঞানেশ কুমার এই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন বলেও তোপ দাগেন তিনি। এদিনের এই প্রতিনিধি দলে রাহুল, মমতা ও খাড়গে ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইয়ের ডি রাজা, সিপিএমের এমএ বেবি, এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির রাজীব রায়, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, আরজেডি সাংসদ মনোজ ঝা এবং ভিসিকে-র থোল তিরুমাভালাম।