পুবের কলম, ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন এবং গ্রিন কার্ড আবেদনের প্রক্রিয়ায় বড়সড় ধাক্কা খেলেন ভারতীয় আইটি পেশাদারেরা। কর্মসংস্থানভিত্তিক স্থায়ী বাসস্থান অনুমোদন প্রক্রিয়া বা ‘পার্ম’ (পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন) প্রোগ্রাম থেকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস, উইপ্রো এবং মাইক্রোসফটের মতো বিশ্বের আটটি প্রথম সারির প্রযুক্তি সংস্থাকে সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
আরও পড়ুন:
মার্কিন শ্রম মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে উল্লিখিত আটটি টেক কোম্পানির মাধ্যমে জমা পড়া নতুন কোনো ‘পার্ম’ আবেদন গ্রহণ করা হবে না, এবং প্রক্রিয়াধীন আবেদনগুলির কাজও আপাতত বন্ধ থাকবে। যে আটটি সংস্থাকে পার্ম প্রোগ্রাম থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছে সেগুলি হলো- টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, কগনিজেন্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফট এবং অ্যাডোবি।
আরও পড়ুন:
আমেরিকায় এইচ-১বি ভিসাধারীদের সিংহভাগই ভারতীয় নাগরিক হওয়ায় এবং তাঁরা এই বড় আইটি সংস্থাগুলিতে কর্মরত থাকায় এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়বে ভারতীয় পেশাদারদের ওপরেই। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, আমেরিকানদের কর্মসংস্থান রক্ষা করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অভিযোগ করে বলেন, স্থানীয় কর্মী ছাঁটাই করে বিদেশ থেকে সস্তায় কর্মী নিয়োগের যে মানসিকতা বড় কোম্পানিগুলি দেখাচ্ছে, তা আমেরিকার স্বার্থবিরোধী। এছাড়া মার্কিন শ্রমসচিব কিথ সন্ডারলিং জানান, মাইক্রোসফট ও অ্যাডোবির বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় তদন্ত চলায় এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। মার্কিন শ্রম মন্ত্রকের এই সিদ্ধান্তে ভারতীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।