পুবের কলম,ওয়েবডেস্ক: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। তাড়াহুড়ো করো না। গঙ্গায় পদক ভাসানো নিয়ে কুস্তিগীরদের এমনই বার্তা দিল কপিলদেবের দল। কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরূদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। তার গ্রেফতারির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা।
এমনকি প্রতিবাদ হিসেবে হরিদ্বারে নিজেদের খেটে পাওয়া পদক ভাসাতে গিয়েছিলেন তাঁরা। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যরা।আরও পড়ুন:
এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, কুস্তিগিরদের মারধরের দৃশ্য দেখে আমরা ব্যথিত ও বিরক্ত। আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন যে তারা তাদের কষ্টার্জিত পদক গঙ্গা নদীতে ফেলে দেওয়ার কথা ভাবছে। এই পদকগুলির মধ্যে বছরের পর বছর প্রচেষ্টা, ত্যাগ, সংকল্প এবং দৃঢ়তা জড়িত এবং এটি কেবল তাদের নিজস্ব নয়, জাতির গৌরব। আমরা তাঁদের তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করছি।