পুবের কলম, হাওড়া: উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করেছিলেন মুসলিম যুবক। তার জেরেই দু’পক্ষের সংঘর্ষে গুরুতর জখম হয়ে প্রাণ হারালেন ফারুক শেখ (৩৮) নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পাঁচলা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়া এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণ্ডগোলের শুরু গত সোমবার থেকে। ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে শব্দ দানবের তান্ডব চলছিল। ফারুক শেখ সহ এলাকার বেশ কিছু বাসিন্দা এই অতিষ্ঠ শব্দদূষণের প্রতিবাদ জানিয়েছিলেন। অভিযোগ, সেই প্রতিবাদের পর থেকেই ফারুক ও তাঁর পরিবারকে লক্ষ্য করে উস্কানিমূলক কটূক্তি করছিল অপর পক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিস্থিতি চরম আকার নেয়।
অভিযোগ, ফারুকের পরিবারের কয়েকজন সদস্য মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় একদল যুবক-যুবতী ডিজে বাজিয়ে নাচানাচি করছিল। নাচতে থাকা যুবকদের দল আচমকাই ফারুকের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁদের বাঁচাতে এগিয়ে এলে ফারুককে বেধড়ক মারধর করা হয়। লাঠি ও ভোঁতা অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় পাঁচলা থানার বিশাল পুলিশ বাহিনী। খুনের মামলা দায়ের করে তদন্তে নামে প্রশাসন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত তিনজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।