পুবের কলম ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা উপনির্বাচনে শাসকদল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) তাদের জয় বজায় রাখল। মধুরান্তকম ও ধারাপুরম উভয় কেন্দ্রেই বিরোধীদের হারিয়ে জয়লাভ করেছেন মুখ্যমন্ত্রী বিজয়ের দলের প্রার্থীরা। এই ফলের জেরে বিধানসভায় টিভিকে তাদের শক্তি বৃদ্ধি করল, অন্যদিকে বড়সড় রাজনৈতিক ধাক্কার মুখে পড়ল বিরোধী দল এআইএডিএমকে।
বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহের মধ্যেই এআইএডিএমকে-র বিধায়ক মারগাথম কুমারভেল ও সত্যভামা বিধায়ক পদ ছেড়ে বিজয়ের দল টিভিকে-তে যোগ দিয়েছিলেন।
এই জয়ের ফলে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় শাসকদল টিভিকে-র বিধায়ক সংখ্যা ১০৭ থেকে বেড়ে দাঁড়াল ১০৯। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১১৮ থেকে তারা এখনও কিছুটা পিছিয়ে। এই আবহে আরও পাঁচটি শূন্য আসনে উপনির্বাচন বাকি রয়েছে, যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর ছেড়ে আসা ত্রিচি পূর্ব কেন্দ্রটিও। ওই সব আসনে জয় পেলে তারা আরও শক্তিশালী হবে এবং কংগ্রেস (৫ বিধায়ক) ও বাম দলগুলির (৪ বিধায়ক) মতো শরিকদের উপর তাদের নির্ভরতা অনেকটাই কমে আসবে। জয়ের পর মুখ্যমন্ত্রী বিজয় একে নারীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে রায় এবং সাধারণ মানুষের শক্তির জয় বলে অভিহিত করেছেন।