পুবের কলম ওয়েব ডেস্ক: মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশন এলাকায় অভিযান চালিয়ে জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বড়সড় কোনও নাশকতার ছক কষার আগেই এটিএসের এই পদক্ষেপে বড়সড় সাফল্য মিলেছে বলে মনে করা হচ্ছে।
মুম্বই এটিএস সূত্রে খবর, ধৃত যুবকের নাম মহম্মদ হাসান আবুর (৩৩)। পেশায় অ্যাপ-বাইক চালক হাসান পারফিউম বিক্রির ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল।
তদন্তকারীরা আরও জানতে পেরেছেন যে, হাসান টেলিগ্রামে একটি গ্রুপ চালাত, যেখানে গত ১ জুন সে মাসুদের একটি অডিও আপলোড করেছিল। এছাড়া, পাকিস্তান সমর্থিত চরমপন্থী টেলিগ্রাম চ্যানেল ‘ইবন-ই-কাসিম’-এরও সক্রিয় সদস্য ছিল সে। ধৃতের আসল পরিকল্পনা কী ছিল, এই চক্রের জাল কত দূর বিস্তৃত এবং তার সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, সে সমস্ত দিক খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে এটিএস।