পুবের কলম ওয়েব ডেস্ক: এসআইআর বিরোধী বিক্ষোভের জেরে আইসা নেত্রী নেহা বোরাকে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও মুচলেকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লির স্পেশাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট বা এসইএম। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নেহা। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত।
আবেদন খারিজ করলেও ম্যাজিস্ট্রেটকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আদালত জানিয়েছে, নেহার বিরুদ্ধে যে সমস্ত তথ্যপ্রমাণ বা নথিপত্র রয়েছে, তা অবশ্যই তাঁকে দিতে হবে।

পাশাপাশি, ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ বা বিএনএসএস-এর ১৩৫ নম্বর ধারাটি ম্যাজিস্ট্রেটকে ভালোভাবে বিবেচনা করতে বলা হয়েছে। তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়েই অভিযুক্তের কাছ থেকে বন্ড বা মুচলেকা চাওয়া আদৌ কতটা জরুরি, তা ম্যাজিস্ট্রেটকে ভেবে দেখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর এসআইআর-এর প্রতিবাদে সিজেপি-র ডাকে দিল্লির কনট প্লেসে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচি শুরুর আগেই নেহা বোরাকে আটক করে পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলেও দিল্লি পুলিশের আবেদনের ভিত্তিতে স্পেশাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট নেহাকে একটি নোটিস পাঠান। সেখানে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার পাশাপাশি আগামী দিনে শান্তিরক্ষার অঙ্গীকার করে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।