জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ গঠনের দাবিকে সমর্থন জানিয়ে উপাচার্যকে চিঠি দিলেন সিপিআই(এম) সাংসদ ভি শিবদাসন। ২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্বাচিত ছাত্র সংসদ নেই। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বর্তমানে অনশন করছেন পড়ুয়াদের একাংশ।

উপাচার্য অধ্যাপক মজহার আসিফকে লেখা চিঠিতে শিবদাসন ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে।

পড়াশোনার সুযোগ-সুবিধা নিয়ে অভিযোগের পাশাপাশি নিয়মিত গবেষণার ভাতা না পাওয়া এবং হস্টেলের বেহাল অবস্থা নিয়েও ক্ষোভ রয়েছে তাঁদের মধ্যে।

শিবদাসনের মতে, নির্বাচিত ছাত্র সংসদ থাকলে পড়ুয়ারা একটি গণতান্ত্রিক মঞ্চে নিজেদের সমস্যা তুলে ধরতে পারবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাগুলির সমাধানের পথও খোঁজা সম্ভব হবে।

সাংসদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে নির্বাচিত ছাত্র সংসদ থাকা অত্যন্ত জরুরি। তাই পড়ুয়াদের দাবির গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত।