পুবের কলম, নয়াদিল্লি: ভোটার তালিকার বিতর্কিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়া অবিলম্বে বাতিল বা প্রত্যাহার করার দাবি জানালেন স্বরাজ ইন্ডিয়ার নেতা তথা বিশিষ্ট সমাজকর্মী যোগেন্দ্র যাদব। তাঁর মতে, বাদ পড়া ভোটারদের নতুন করে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের সাম্প্রতিক ‘বিশেষ ড্রাইভ’ মূলত তাদের নিজেদের ভুল স্বীকার করে নেওয়ারই নামান্তর; তবে এই পদক্ষেপে ক্ষতির সামান্য অংশই সংশোধন করা সম্ভব হবে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যোগেন্দ্র যাদব স্পষ্ট জানান, এসআইআর প্রক্রিয়াটি অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং তার জায়গায় একটি নতুন ও সর্বাত্মক সংশোধন প্রক্রিয়া শুরু করতে হবে। কারণ যে ক্ষতি কাগজে-কলমে হয়েছে, তা কাগজে-কলমেই সংশোধন করা সম্ভব।
আরও পড়ুন:
সাক্ষাৎকারে যোগেন্দ্র যাদব বলেন, নির্বাচন কমিশন বাদ পড়া ভোটারদের যুক্ত করার জন্য যে বিশেষ উদ্যোগ নিয়েছে, তা থেকেই পরিষ্কার বোঝা যায় মূল প্রক্রিয়ায় বড় ধরনের গলদ ছিল। তিনি কটাক্ষ করে বলেন, এটি ঠিক এমন যে একটি ঘর আন্তর্জাতিক মানে পরিষ্কার করা হয়েছে দাবি করার পর ফের বলা হচ্ছে জমে থাকা ময়লা পরিষ্কার করতে বিশেষ অভিযান চালানো হবে। যাদব যুক্তি দেন, বর্তমান সংশোধনমূলক পদক্ষেপটি একেবারেই অপর্যাপ্ত। কারণ আসল এসআইআর প্রক্রিয়াই তৈরি হয়েছিল নাম যোগ এবং বাদ দেওয়ার ওপর ভিত্তি করে নয়, বরং প্রধানত নাম ছেঁটে ফেলার উদ্দেশ্যে।
কমিশনকে আগেই এ বিষয়ে পরামর্শ দিলেও তা উপেক্ষা করা হয়।আরও পড়ুন:
বর্তমানে বাদ পড়া ভোটারদের নিজেদের উদ্যোগী হয়ে 'ফর্ম-৬' পূরণ করে আবেদন করতে বলা হচ্ছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যাদব বলেন, দরিদ্র ও প্রান্তিক সাধারণ মানুষ হয়তো এই প্রক্রিয়ার বিষয়ে জানবেনই না কিংবা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি, সময় ও সামর্থ্য তাঁদের কাছে থাকবে না। ফলে যদি ১০০টি ভুল হয়ে থাকে, তবে এই প্রক্রিয়ায় বড়জোর ২০ থেকে ৩০ শতাংশ ভুল সংশোধন হতে পারে।