পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়ায় শাসক দলের একক প্রভাব বজায় রাখার আইনকে সংসদে সমর্থন করে তাঁদের ভুল হয়েছিল বলে স্বীকার করে নিলেন ওয়াইএসআর কংগ্রেস পার্টি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। রবিবার তিনি দাবি জানান, কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সম্পূর্ণ নিরপেক্ষ প্যানেলের মাধ্যমেই নির্বাচন কমিশনারদের নিয়োগ করা উচিত।
পরীক্ষক ও পরীক্ষার্থীর উপমা টেনে ওয়াইএসআরসিপি প্রধান জগন মোহন রেড্ডি বলেন, "একজন পরীক্ষার্থী বা ছাত্র যেভাবে নিজের পরীক্ষার খাতা দেখার জন্য পরীক্ষক বেছে নিতে পারে না, ঠিক তেমনই ক্ষমতায় থাকা শাসক দলের হাতে নির্বাচন পরিচালনা করা আধিকারিকদের নিয়োগের ক্ষমতা থাকা উচিত নয়।" তিনি প্রস্তাব দেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রাখতে তিন সদস্যের একটি সিলেকশন প্যানেল গঠন করা প্রয়োজন।
ওয়াইএসআর কংগ্রেস পার্টিকে পাল্টা জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়েল জানান, অতীতে নির্বাচন কমিশনার নিয়োগের সম্পূর্ণ ক্ষমতা সরকারের ইচ্ছাধীন ছিল এবং সেখানে অন্য কোনো পক্ষকে রাখা হতো না। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারই ২০২৩ সালে নতুন আইন এনে এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করেছে এবং বিরোধী দলনেতাকে নির্বাচন প্যানেলের অংশ করেছে। এখন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা যৌথভাবে সিদ্ধান্ত নেন কে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হবেন।