পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানাল, ইন্টারনেট ব্যবহারের অধিকার শিশুদের জন্যও একটি মৌলিক অধিকার। বিচারপতি জে বি পাদরিওয়ালা এবং বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চে শুনানি চলাকালীন শীর্ষ আদালত এই মন্তব্য করে, যা বর্তমান ডিজিটাল যুগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
শীর্ষ আদালতের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, সংবিধানের ১৯(১)(এ) এবং ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইন্টারনেট ব্যবহারের অধিকার প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বয়স নির্বিশেষে শিশুরাও এই সমান অধিকার ভোগ করে।

বিচারপতিদের মতে, শিশুদের এই অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত করাটা অত্যন্ত অযৌক্তিক। নির্দিষ্ট বয়সের নিচের শিশুদের নিজস্ব বিবেক বা প্রকাশের যোগ্য কোনও বাক্‌স্বাধীনতা নেই বলে দাবি করা যতটা ভিত্তিহীন, ইন্টারনেট থেকে তাদের সম্পূর্ণ দূরে রাখাও ঠিক ততটাই অযৌক্তিক।
মূলত সমাজমাধ্যম এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিশুদের উপর যৌন নিপীড়ন সংক্রান্ত ছবি, ভিডিও ও অন্যান্য আপত্তিকর কনটেন্ট দ্রুত চিহ্নিত করে তা সরিয়ে ফেলার ব্যবস্থা আরও সুদৃঢ় করার নির্দেশ দেওয়ার সময়ই এই পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা এবং তাদের স্বাধীনতা কখনোই পরস্পরের বিরোধী হতে পারে না।