পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার গভীর রাতে এক মর্মান্তিক শিল্প দুর্ঘটনায় কেঁপে উঠল গুজরাটের ভরুচ জেলা। জেলার সাইখা জিআইডিসি শিল্পাঞ্চলের একটি ওষুধ প্রস্তুতকারক কারখানায় হাইড্রোজেনেশন প্রক্রিয়ার সময় একটি ১৫ কিলোলিটারের রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ৫ জন শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। বিস্ফোরণের পর কারখানায় মিথিলিন ডাইক্লোরাইড গ্যাস লিক করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।শনিবার প্রাপ্ত প্রতিবেদনে জানা গেছে, ভরুচের বাগ্রা তালুকস্থিত সাইখা জিআইডিসি এস্টেটের ‘সিনজিল ফার্মাকেম’ নামক প্লান্টে এই দুর্ঘটনা ঘটে।


 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে রিঅ্যাক্টরের অংশবিশেষ এবং ধাতব শিট উড়ে কারখানার সীমানা প্রাচীর ছাড়িয়ে বাইরে গিয়ে পড়ে। প্লান্টের ভেতরে চারধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভারী যন্ত্রপাতি ও ধাতব টুকরো।বিস্ফোরণের পরপরই কারখানায় মিথিলিন ডাইক্লোরাইড গ্যাস ছড়িয়ে পড়ে, যার ফলে গোটা এলাকা ধোঁয়া ও ধূলিকণায় ঢেকে যায়। গ্যাস লিকের জেরে ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক ও স্থানীয়রা তীব্র চোখ জ্বালা এবং শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। আহতদের দ্রুত উদ্ধার করে ভরুচ ও ভোদোদরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে মৃত শ্রমিকদের দেহ ময়নাতদন্তের জন্য ভরুচ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
দুর্ঘটনার খবর পেয়েই জেলা পুলিশ এবং স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। কারখানার ভেতরে আটকে থাকা শ্রমিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় গুজরাট দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের উচ্চপর্যায়ের দলগুলি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।ভরুচের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মনীষা মানানি জানিয়েছেন, হাইড্রোজেনেশন প্রক্রিয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। কারখানা কর্তৃপক্ষ যথাযথ শিল্প নিরাপত্তা বিধি মেনে চলছি কি না এবং বিস্ফোরণের প্রকৃত কারণ কী ছিল, তা খতিয়ে দেখছেন আধিকারিকেরা।